প্রতিটি মানুষেরই ভালোবাসা প্রয়োজন। সঙ্গ প্রয়োজন। একজন আপন মানুষের প্রয়োজন। মানুষ নিঃসঙ্গ হয়ে বাঁচার জন্য তৈরি নয়। কিন্তু তার অর্থ এই নয় যে, নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে। কারণ প্রতিটি মানুষই স্বতন্ত্র। প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব, চিন্তা, স্বাধীনতা, স্বপ্ন এবং নিজস্ব এক পৃথিবী আছে।
কখনও কাউকে না পেয়েও তার প্রতি অনুভূতিটুকু সুন্দর থেকে যেতে পারে। কারণ সব ভালোবাসার পরিণতি একসঙ্গে থাকা নয়। কিছু ভালোবাসার পরিণতি হয় শান্তভাবে দূরে সরে যাওয়া।
আর আশ্চর্যের বিষয়—সময় পেরোতে পেরোতে মানুষ এটাও বুঝতে শেখে যে, না পাওয়ার মধ্যেও এক ধরনের শান্তি আছে। সব অনুভূতিকে অধিকার করতে হয় না। কিছু অনুভূতিকে শুধু অনুভব করেও বেঁচে থাকা যায়।
আজকের সমাজে এই উপলব্ধিটা আরও জরুরি। কারণ সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনে তুলনা, প্রতিযোগিতা এবং validation-এর প্রয়োজনকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কে কতটা সফল, কে কতটা জনপ্রিয়, কার সম্পর্ক কতটা সুন্দর, কার জীবন কতটা আকর্ষণীয়—মানুষ প্রায় প্রতিদিন অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করছে।
কখনও কখনও দূরত্বই আত্মসম্মানের সবচেয়ে শান্ত রূপ। পরিণত বয়সে এসে মানুষ তাই সঙ্গী বেছে নেওয়ার অর্থও নতুন করে বুঝতে শেখে। সঙ্গী মানে এমন কেউ নয় যার ওপর সম্পূর্ণ নির্ভর করে বেঁচে থাকতে হবে। বরং এমন একজন, যার পাশে থেকেও একজন মানুষ নিজের মতো থাকতে পারে। নির্ভরতা থাকবে, কিন্তু আত্মপরিচয় হারিয়ে নয়। ভালোবাসা থাকবে, কিন্তু অধিকারবোধে শ্বাসরুদ্ধ করে নয়। সঙ্গ থাকবে, কিন্তু স্বাধীনতার বিনিময়ে নয়। সুস্থ ভালোবাসা মানুষকে ছোট করে না; বরং তাকে আরও বেশি নিজের মতো হয়ে উঠতে সাহায্য করে। হয়তো এ কারণেই বয়সের সঙ্গে ভালোবাসার সংজ্ঞাটাও বদলে যায়।
একসময় ভালোবাসা মানে মনে হয়—“কেউ আমাকে চাইবে।”
আর একসময় এসে ভালোবাসার অর্থ হয়ে দাঁড়ায়:
“যে মানুষটির সঙ্গে থাকব, তার পাশে থেকেও যেন দুজনেই নিজেদের মতো থাকতে পারি।”
এই পার্থক্যটাই হয়তো পরিণত হওয়ার সবচেয়ে সুন্দর শিক্ষা।
একটা সময় আসে, যখন মানুষ আর জিজ্ঞেস করে না—
“মানুষ আমাকে কীভাবে দেখছে?”
বরং নিজেকে প্রশ্ন করে—
“আমি নিজেকে কীভাবে দেখছি?”
কারণ শেষ পর্যন্ত কেউ যখন একা থাকবে, তখন তার পাশে থাকবে তার নিজের বিবেক, তার আত্মসম্মান এবং নিজের সঙ্গে তার সম্পর্ক। তখন আর কারও পেছনে ছুটতে ইচ্ছে করে না। কারও স্বীকৃতি ভিক্ষা করতে ইচ্ছে করে না। অকারণ প্রতিযোগিতায় নামতে ইচ্ছে করে না। এমনকি ভালোবাসাকেও আঁকড়ে ধরে রাখতে ইচ্ছে করে না। শুধু মনে হয়—
আমি আমার পথে হাঁটছি।
তুমি তোমার পথে হাঁটো।
তোমার আলো আমার আলো কমায় না,
আর আমার আলো তোমার আলো নিভিয়ে দেয় না।
জীবনটা প্রতিযোগিতা নয়। জীবনটা নিজের ভেতরের মানুষটিকে একটু একটু করে আরও সুন্দর করে তোলার যাত্রা। আর যে মানুষটি একদিন সত্যিই নিজের মূল্য বুঝে ফেলে — সে আর ভিড়ের করতালির জন্য বাঁচে না। সে ভালোবাসে, কিন্তু নিজেকে হারিয়ে নয়।
সে সঙ্গ চায়, কিন্তু নিজের অস্তিত্বের বিনিময়ে নয়।
সে দূরত্ব মেনে নিতে শেখে, না-পাওয়াকেও শান্তিতে গ্রহণ করতে শেখে। এবং শেষ পর্যন্ত—সে নিজের ভেতরের শান্তির জন্য বাঁচতে শেখে।
১৩ই সেপ্টেম্বর,২০২৬
Copy_right_reserved






আর আত্মা যেহেতু আমাদের রিয়্যালিটি বা 3D তে সীমাবদ্ধ নয়, সুতরাং অজানায় –ই এর বিস্তৃতি। আমাদের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সাধারণ জ্ঞানের অভাব এই রিয়্যালিটির বাইরে পদচারণায় সাহায্য করে না। কিন্তু প্রযুক্তিগত না হোক অন্তত দিব্যজ্ঞানের যেদিন প্রাপ্তি ঘটবে, সেদিন অবশ্যই সকলের চেতনা আরেক ধাপে উত্তীর্ণ হবে। আর সেই বছরটি এখন সামনে এসেছে। ২০২৬. এনার্জেটিকালি আমারা এখন 4D তে আছি। যন্ত্রপাতির অভাবে তা প্রমাণ সম্ভব নয়। তাছাড়া কসমিক এনার্জি নাড়াচাড়া করা অত সহজও নয়, যা কিনা ‘বোধদয় প্রাপ্ত আত্মা’ অনায়াসে করে যেতে পারে।